রবিবার ৮ নভেম্বর ২০২৬ - ২৩:১৬
অস্ত্র সমর্পণে সম্মতির দাবি প্রত্যাখ্যান করল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী

হাওজা নিউজ এজেন্সি— ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটির প্রতিরোধ আন্দোলনের সংগঠন কাতাইব সাইয়্যিদুশ শুহাদা। সংগঠনটি জানিয়েছে, অস্ত্রের বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো অবস্থান ঘোষণা করেনি কিংবা এ-সংক্রান্ত কোনো সমঝোতায় স্বাক্ষর করেনি।

সংগঠনটির মিডিয়া কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, কাতাইব সাইয়্যিদুশ শুহাদা সার্বভৌমত্ব-সংক্রান্ত একটি সমঝোতা দলিলে স্বাক্ষর করেছে। এতে চারটি প্রতিরোধ গোষ্ঠীর পাশাপাশি সমন্বয় কাঠামোর (কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক) প্রতিনিধিরা এবং ইরাকের প্রধানমন্ত্রীও স্বাক্ষর করেন। সংগঠনটি ওই সমঝোতার শর্তাবলির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। তবে এর সঙ্গে অস্ত্রের বিষয়ে কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই।

বিবৃতিতে সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, ভুল তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ফুয়াদ হুসেইনের বক্তব্যের প্রসঙ্গে সংগঠনটি মন্তব্য করে, ইরাকের মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তিনি এমন ভুল করেছেন। তাঁর ঘন ঘন বিদেশ সফর ও বাগদাদে কম উপস্থিতিকেও এর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ইরাকের সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়মিত ব্রিফিং দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি। এতে তিনি প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারবেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে পারবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন দাবি করেন, অস্ত্র নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী চারটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। এসব গোষ্ঠীর মধ্যে আসাইব আহলুল হক ও কাতাইব সাইয়্যিদুশ শুহাদাও রয়েছে। অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha